নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার একটি ফুটপাতে সাইকেল রাখা নিয়ে বিরোধের জেরে এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। আহত সাংবাদিকের দাবি, ঘটনাটি তাৎক্ষণিক বিরোধের ফল নয়; ফুটপাত দখল নিয়ে পূর্বে সংবাদ প্রকাশের জের ধরে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে মিরপুর-১০ নম্বরের ফলপট্টি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি মো. শরিফ হোসাইন, যিনি পেশাগতভাবে সাংবাদিকতা করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অফিসে যাওয়ার পথে শরিফ হোসাইন চাঁন ম্যানশনের নিচে তাঁর বাইসাইকেলটি রেখে পাশের একটি দোকানে চা পান করতে যান। কয়েক মিনিটের জন্য সাইকেল রাখা নিয়ে ফুটপাতে থাকা একটি টং দোকানের ব্যবসায়ী নাজমুল এবং ভবনের দারোয়ান আজিজের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়।
হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে শরিফ হোসাইন পাশের একটি ভবনে আশ্রয় নেন। পরে খবর পেয়ে মিরপুর মডেল থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়।
চাঁন ম্যানশনের সামনে দীর্ঘদিন ধরে একটি টং দোকান পরিচালিত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, ভবনের মালিক স্বপন ও তাঁর জামাতা জাহিদের সহযোগিতায় দোকানটি পরিচালিত হয়। এর আগে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই সাংবাদিকের প্রতি ক্ষুব্ধ ছিলেন। এ কারণে হামলার পেছনে পূর্ব শত্রুতার বিষয়টি থাকতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগী।
হামলার পর আহত শরিফ হোসাইনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।





