
নিজস্ব প্রতিবেদক, মাগুরা
মাগুরার শ্রীপুর উপজেলায় মোবাইল ফোনে জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে শ্রীপুর থানাধীন নাকোল বাসস্ট্যান্ড মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। নাকোল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে নাকোল বাসস্ট্যান্ড মোড়ে ইকবালের দোকানের সামনে মোবাইল ফোনে জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া খেলার সময় মো. রিয়াদ মোল্যা ওরফে নিশাত (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া এলাকায় বসবাস করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি কালো রঙের POCO X5 Pro মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শ্রীপুর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে একটি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জুয়া প্রতিরোধ আইন বাস্তবায়নের পাশাপাশি জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




