রাশিয়ার হামলায় অন্ধকারে ইউক্রেন

ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ হামলার কারণে জ্বালানি স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ কারণে বিদ্যুতহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন ছুড়েছে।

রাজধানী কিয়েভসহ, দানেস্ক, লভিভ এবং ওডেসার বিভিন্ন জায়গায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

ইউক্রেনের সর্ববৃহৎ প্রাইভেট জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, রুশ হামলার কারণে তাদের জ্বালানি স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ কারণে বিদ্যুতহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রাশয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। ওডেসার গভর্নর অলেহ কিপার বলেছেন, পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। তবে পরবর্তী সময়ে তা ঠিক হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলেছে, রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেন প্রথম হামলা সম্ভবত এটিএসিএমএস রকেট দিয়ে চালাবে। এসব রকেট ১৯০ মাইল (৩০৬ কিলোমিটার) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে সতর্ক করেছেন রুশ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিসাস।

মন্তব্য করুন