ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে এই কনসার্টের আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’।
এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ সরাসরি দান করা হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ, যা আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের জন্য কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।
বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফাতেহ আলী খান এই কনসার্টের প্রধান আকর্ষণ। তিনি তার জনপ্রিয় গান পরিবেশন করবেন। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলা পরিবেশনায় অংশ নেবে। র্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নান-এর পরিবেশনায় কনসার্ট আরও প্রাণবন্ত হবে।
সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক আর্মি স্টেডিয়াম সম্পূর্ণ ভাড়া মওকুফ করায় আয়োজকরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আরও বেশি অর্থ দান করতে পারবে। গত বুধবার (১১ ডিসেম্বর) সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এই বরাদ্দ নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট আয়োজনে কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখা। স্টেডিয়ামে মাদক সেবন ও বহন নিষিদ্ধ। স্টেডিয়ামের ভেতরে অশালীন কার্যকলাপ বন্ধ রাখা। প্রবেশ গেটগুলোতে স্বার্থান্বেষী গোষ্ঠীর জমায়েত নিষিদ্ধ।
চ্যারিটি কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে গত ৯ ডিসেম্বর এবং চলবে ১৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকিট তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে এবং এটি কেনা যাবে সম্পূর্ণ অনলাইনে। টিকিট ক্রয়ের জন্য ‘GET SET ROCK’ প্ল্যাটফর্মের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
অনুষ্ঠানের দিন দুপুর ২টায় আর্মি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৭টায় বন্ধ করা হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়।
কনসার্টের পাশাপাশি আয়োজন থাকবে, জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী। মঞ্চ নাটক। মুগ্ধ ওয়াটার জোন। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।



