রোবট ও চালকবিহীন গাড়ি উদ্ভাবনে মহম্মদপুরের শিক্ষার্থীদের সাফল্য, পাশে সংস্কৃতি মন্ত্রী

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।

মাগুরার মহম্মদপুর উপজেলার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে নতুন মাইলফলক স্থাপন করেছে। ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
আগামী ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় মহম্মদপুর উপজেলা ও মাগুরা জেলার প্রতিনিধিত্ব করবে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পের মধ্যে রয়েছে মানুষের সঙ্গে কথোপকথনে সক্ষম একটি রোবট এবং চালকবিহীন স্মার্ট গাড়ির মডেল, যা স্বয়ংক্রিয়ভাবে পথ নির্ধারণ করে চলতে পারে। ব্যতিক্রমধর্মী এসব উদ্ভাবন ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতিকে উৎসাহিত করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি নিজস্ব তহবিল থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। রোবটের উন্নয়ন, নতুন স্কুল ড্রেস, কেডস ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য এ সহায়তা দেওয়া হয়।
শুক্রবার (১৯ জুন) বিকেলে মহম্মদপুর উপজেলা পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে মন্ত্রী শিক্ষার্থীদের সাফল্যের খোঁজখবর নেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা দেশের ভবিষ্যৎ উন্নয়নকে আরও এগিয়ে নেবে। তারা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়েও গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখে মহম্মদপুর ও মাগুরা জেলার মুখ উজ্জ্বল করবে।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা সংস্কৃতি মন্ত্রীর এই সহযোগিতাকে শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, এমন পৃষ্ঠপোষকতা তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পথে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে।

মন্তব্য করুন