শরণখোলায় বজ্রপাতে গোয়ালঘরে গরুর মৃত্যু

​আসাদুজ্জামান আসাদ শরণখোলা (বাগেরহাট)

বাগেরহাটের শরণখোলা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার রায়ন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও একটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এতে ভুক্তভোগী পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই শরণখোলা উপজেলার আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দফায় দফায় বৃষ্টি শুরু হয়। দুপুর ২টার দিকে হঠাৎ তীব্র বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা কবীর হোসেন হাওলাদারের গোয়ালঘরের ওপর বজ্রপাত হয়। এসময় গোয়ালে বেঁধে রাখা দুটি গরুর মধ্যে একটি ঘটনাস্থলেই মারা যায়। বজ্রপাতের তীব্রতায় অপর গরুটিও অসুস্থ হয়ে পড়ে।
​গৃহকর্তা কবীর হোসেন জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহা বা কুরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে তিনি পরম মমতায় গরু দুটি লালন-পালন করছিলেন। মারা যাওয়া গরুটি বড় হওয়ায় তিনি আশা করেছিলেন বাজারে এটি ভালো দামে বিক্রি করতে পারবেন। গরুটির বর্তমান বাজার মূল্য অন্তত ৮০ হাজার টাকা।
​এদিকে বুধবার সকাল ১০টা থেকে শরণখোলা উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় ও ঝড়ো হাওয়ার কারণে গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে লণ্ডভণ্ড হয়েছে বসতবাড়ি ও রাস্তাঘাট। বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। বিদ্যুৎ না থাকায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

মন্তব্য করুন