শাকিবকে নিয়ে এবার রাফীর ‘তাণ্ডব’

গেল ঈদুল আজহায় ‘তুফান’ দিয়ে দেশ-বিদেশ মাতিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এটি নির্মাণ করেন রায়হান রাফী। তিনি জানিয়েছিলেন, শিগগিরই ‘তুফান’ সিনেমার সিক্যুয়েল আসছে।

শাকিব ভক্তরাও ধরে নিয়েছিলেন, আগামী ঈদে মুক্তি পেতে পারে ‘তুফান ২’। কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না। ক’দিন আগেই বিষয়টি নিশ্চিত করেন শাকিব খান নিজেই। তারপরও কথা রটেছে, শাকিব-রাফী জুটি আবারো এক হয়েছেন। যদিও বিষয়টি নিয়ে নিশ্চুপ আছেন নায়ক-নির্মাতা।

অবশেষে গুঞ্জনই সত্য হলো। রাফীর ‘তাণ্ডব’ নামে সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। গেল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এর নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

তিনি বলেন, ‘শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম “তাণ্ডব”। এটির পরিচালক রায়হান রাফী।’

এদিকে, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিবের ‘বরবাদ’। আর ঈদুল আজহায় আসতে পারে রাফীর ‘তাণ্ডব’।

অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে রয়েছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাফা মারওয়া, এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন।

মন্তব্য করুন