
মুন্সী হাবিবুল্লাহ, স্টাফ রিপোর্টার :
মাগুরার শালিখায় ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির আঙিনা থেকে তাকে আটক করা হয়।
আটক রানা মোল্লা উত্তর শরশুনা গ্রামের ইউনুস মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের নির্দেশনায় এসআই সায়াদুল খালাসি, এসআই সাহিদুল ইসলাম, এএসআই মিজানুর রহমান ও এএসআই রকিবুল ইসলামসহ পুলিশের একটি দল মঙ্গলবার রাত ৮টার দিকে উত্তর শরশুনা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রানা মোল্লাকে তার বাড়ির আঙিনা থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শালিখা থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, “১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শালিখা থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।




