
প্রতিবেদক:- আজিজুর রহমান টুটুল
সাংবাদিকদের প্রতি গণতন্ত্র রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম। তিনি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সাংবাদিকরা এ লড়াইয়ের ‘যোদ্ধা’ হতে পারেন।
সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
চীফ হুইপ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশ স্বৈরতন্ত্রের কবলে ছিল। সে সময়ে মানুষের বাকস্বাধীনতা, সংসদীয় সরকার ও আইনের শাসন ছিল না। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরকার ভালো কাজ করলে তার পাশে থাকতে হবে, আর ভুল করলে তা তুলে ধরে যৌক্তিক সমালোচনা করতে হবে। ‘সব মানুষেরই ভুল হতে পারে। ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব,’ যোগ করেন তিনি।
মোঃ নূরুল ইসলাম আরও বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে আপনারা একজন যোদ্ধা। ব্যক্তিগতভাবে কিছু না পেলেও সত্যের পক্ষে থাকার মূল্য রয়েছে।’
বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে চীফ হুইপ বলেন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালুসহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত সরকার বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও মোঃ আখতারুজ্জামান মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যম প্রতিনিধিদের পক্ষ থেকে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এবং বাংলাদেশ সংবাদ সংস্থার নগর সম্পাদক মোরসালিন নোমানী বক্তব্য দেন।
মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও সহজীকরণ, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়। সভায় সংসদ বিটে দায়িত্ব পালনকারী সাংবাদিক, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।