বান্দ্রার ‘সৎগুরু শরণ’ বাংলোতে এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলী খানের উপর এলোপাথাড়ি ছুরির আঘাত করে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে সাইফের উপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন। এসময় সাইফ তাকে বাধা দিতে গেলে তার উপর হামলা করা হয়।
গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
এদিকে হামলার প্রতিবাদে গর্জে উঠেছেন রবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, কারিশমা, তামান্নাসহ একাধিক তারকা। এদিকে এ ঘটনার জেরে বি-টাউনেও আতঙ্কের ছায়া। তাই দুই সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাড়িতে থাকছেন কারিনা কাপুর।
বৃহস্পতিবার সাইফ আলি খানের অস্ত্রোপচারের আগেই হাসপাতালে পৌঁছান কারিনা কাপুর। এ সময় বাবাকে দেখতে আসেন সারা আলী খান এবং ইব্রাহিম। হাসপাতালে দেখা যায় বোন-জামাই সোহা এবং কুণাল খেমুকে। ওদিকে এ হামলার খবর পেয়ে ঐদিন সকালেই হাসপাতালে পৌঁছে যান রণবীর কাপুর এবং আলিয়া ভাট।
এ ঘটনার বান্দ্রা কি একেবারেই নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে তারকামহলে। বান্দ্রা এলাকায় একের পর এক বলিউড তারকাদের বাংলোয় হামলার ঘটনায় মুম্বাই প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড তারকা থেকে শুরু করে তাদের ভক্ত-অনুরাগীরা।
উল্লেখ্য, গতবছরই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিতর্কিত বিষ্ণোই গ্যাং গুলিবর্ষণ করে। এরপর থেকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় তার বাসভবন।



