স্টারমারের জন্য ‘তহবিল সংগ্রহ’ করে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা

যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বর্তমানে একের পর এক বিতর্কের মুখে পড়েছেন। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন এবং অর্থ আত্মসাতের অভিযোগে বিপর্যস্ত এই মন্ত্রীর বিরুদ্ধে এবার তদন্তের দাবি উঠেছে। এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত টিউলিপ সিদ্দিকের খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। খবর দ্য টেলিগ্রাফের।

বুধবার (৮ ডিসেম্বর) টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার যখন শ্যাডো ক্যাবিনেটে ছিলেন তখন আওয়ামী লীগের ইউকে শাখার প্রতিনিধিরা তার জন্য ‘তহবিল সংগ্রহের’ নৈশভোজের আয়োজনও করেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা দেশটিতে এখনও সক্রিয় আছে এবং পূর্বে টিউলিপ সিদ্দিকের পক্ষেও প্রচারণা চালিয়েছে।

প্রতিবেদন বলছে, ২০১৯ সালে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মী আবদুল আহাদ চৌধুরী স্টারমারের পক্ষে তার হলবর্ন এবং সেন্ট পানক্রাস নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন।

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মীরা স্টারমারের পক্ষে লেবার পার্টির লিফলেট বিতরণ করেছে ও সেইসঙ্গে প্লাকার্ড নিয়ে স্টারমারের পক্ষে প্রচারণা চালিয়েছে। তারা ধারাবাহিকভাবে টিউলিপের পক্ষেও প্রচারণা চালিয়েছে।

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সিনিয়র কর্মকর্তা শাহ শামীম আহমেদ এবং সৈয়দ শাজিদুর রহমান ফারুক একই সময় টিউলিপের পক্ষে প্রচারণা চালিয়েছেন বলে এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া স্টারমার আবদুল আহাদ চৌধুরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা করেছেন। এর মধ্যে ২০১৬ সালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্টারমার। আওয়ামী লীগের কর্মীরা এই অনুষ্ঠানকে স্টারমারের জন্য অর্থ সংগ্রহের নৈশভোজ হিসেবে উল্লেখ করেছে।

গত বছরের জুলাইতে যুক্তরাজ্যের নির্বাচনের দিন একটি ছবি পোস্ট করেন আবদুল আহাদ। সেখানে স্টারমারের সঙ্গে তাকে কর্মমর্দন করতে দেখা গেছে। তবে কবে এই ছবি তোলা হয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি।

এ ছাড়া ২০১৯ সালে সাধারণ নির্বাচনী প্রচারণার সময় স্টারমারের সঙ্গে আবুদল শদীহ শেখের একটি ছবি দেখা যায়। আবদুল শহীদ শেখ নিজেকে আওয়ামী লীগের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তিনি লেবার প্রার্থী স্যাম টেরির জন্য প্রচারণা চালিয়েছেন বলে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে।

মন্তব্য করুন