৪ কিলোমিটার কাঁচা সড়কের দুর্ভোগে অতিষ্ঠ, রতডাঙ্গায় রাস্তার দাবিতে নারীদের মানববন্ধন।

 

নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতডাঙ্গা পালবাড়ী মোড়ে দীর্ঘদিন ধরে অবহেলিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় নারীরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ওই সড়কেই নারীরা অংশ নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই কাঁচা সড়ক দিয়ে প্রতিদিন দুই হাজারেরও বেশি মানুষ চলাচল করেন। সড়কের দুই পাশে শতাধিক পরিবারের বসবাস। কিন্তু বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে।
মানববন্ধনে অংশ নেওয়া নারীরা বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেছেন।
স্থানীয় এক নারী জানান, কাদাময় এই সড়কে চলাচল করতে গিয়ে পড়ে তার হাত ভেঙে যায়। আরেক নারী বলেন, গ্রামের কোনো শিশু অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে চার কিলোমিটার কাদা রাস্তা পাড়ি দিতে হয়। এছাড়া যাদের স্বামীরা অটোরিকশা বা ভ্যান চালান, তাদের রাতের বেলা কাদা মাড়িয়ে গাড়ি ঠেলে বাড়ি ফিরতে হয়।
এলাকাবাসী আরও জানান, এই সড়কের কারণে শুধু দৈনন্দিন চলাচলই নয়, কেউ মারা গেলে মরদেহ কবরস্থানে নেওয়া এবং ঈদের দিন ঈদগাহে নামাজ আদায় করতেও চরম ভোগান্তির শিকার হতে হয়।
মানববন্ধন থেকে দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। তাদের আশা, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন