বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোনো বিভাজন নেই উল্লেখ করে গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ‘ভালো কাজে সরকারের পাশে থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ভুল সিদ্ধান্তে সরকারের পাশে থেকে সমালোচনা করবে।’
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ ঘণ্টার অভ্যন্তরীণ মিটিং শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আগামী দেড় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিপ্লবের ১০০ দিন উপলক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।
নতুন উপদেষ্টাদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপত্তির বিষয়ে তিনি জানান, ছাত্র জনতার সঙ্গে আলোচনা না করে কি প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হলো তা জানার চেষ্টা করবে তারা।





