লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১০৫ বাংলাদেশি

ইসরায়েল-লেবানন যুদ্ধ শুরুর পর উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। ফলে দামেস্ক থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে আরও ১০৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস ও আইওএম-এর সহযোগিতায় এবং সম্পূর্ণ সরকারি ব্যয়ে তাদের দেশে ফেরত আনা হয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জন দেশে ফিরেছেন। এ নিয়ে লেবানন থেকে ১৫টি ফ্লাইটে মোট ৯৬৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী, এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা প্রদান করেছে। বিমানবন্দরে উপস্থিত কর্মকর্তারা তাদের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

লেবাননে চলমান সাম্প্রতিক সংঘাতে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সরকার ঘোষণা করেছে, লেবাননে থাকা যে সকল প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে চান, তাদের সবাইকে সম্পূর্ণ সরকারি খরচে ফেরত আনা হবে।

মন্তব্য করুন