২০শে এপ্রিল, ২০২৬

আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে ৫ লাখ টাকা পুরস্কার ও স্পন্সরশিপ

রিপোর্ট :-মোঃ হাসিব

আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মোসা: ফেরদৌসি আক্তার মারিয়াকে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৫ লাখ টাকা আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। এ সময় তিনি মারিয়ার হাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, মারিয়ার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় খরচ বহনের জন্য একটি স্পন্সরশিপের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর নির্দেশনায় প্রতিভাবান ক্রীড়াবিদদের সহযোগিতা করা হচ্ছে। মারিয়ার মতো যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনছেন, তাদের পাশে সরকার সবসময় থাকবে।
তিনি আরও বলেন, দেশে খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী-পুরুষ নির্বিশেষে সমান সুযোগ সৃষ্টি করতে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মারিয়ার এই সাফল্য দেশের পিছিয়ে পড়া নারীদের খেলাধুলায় অংশ নিতে অনুপ্রাণিত করবে এবং ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

মন্তব্য করুন