১২ই মে, ২০২৬

টেলিগ্রামে পর্নোগ্রাফি ব্যবসা: মিরপুরে যুবক গ্রেপ্তার


রিপোর্ট :- এস.এম. জহিরুল ইসলাম

রাজধানীর মিরপুরে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পর্নোগ্রাফি ভিডিও বিক্রি ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)  মিরপুর বিভাগ।
ডিবি জানায়, রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, পশ্চিম শেওড়াপাড়ার ওয়াসা পানির পাম্পসংলগ্ন একটি বাসা থেকে একটি চক্র টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রি, ভাড়া ও বিতরণ করছে। পরে সেখানে অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ ও তার সহযোগীরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন