ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি ২০২৫) আয়োজিত এই পরীক্ষায় ১৩০টি আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ৬ হাজার ৯৩ জন শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চারুকলা অনুষদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সবার ভালোবাসা ও সহযোগিতায় এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
পরীক্ষা চলাকালে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সচেতন ছিল বলে জানা গেছে।





