
নড়াইল প্রতিনিধি: মেজবা উদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাচনি ইশতেহারের আলোকে সারাদেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় খাল খনন কাজের উদ্বোধন করেন সাংস্কৃতিক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাশ জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার বিএনপির ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা আমাদের ভোট দেননি, তাদের জন্যও সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে এলাকার কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
মন্ত্রী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইল জেলা শাখা শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।