নড়াইলে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক।

 

জেলা প্রতিনিধি :মেজবা উদ্দিন।

নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফাতেমা বেগম (৩০) নামে এক নারীকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তার স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পলাতক রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাগডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগডাঙ্গা গ্রামের ফাতেমা বেগম ও তার স্বামী সৈয়দ হোসেন আলীর বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ফাতেমা বেগমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা নীল রঙের একটি জিপারে পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১২ গ্রাম।
অভিযানের সময় ফাতেমা বেগমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার স্বামী সৈয়দ হোসেন আলী ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা বেগম ও তার স্বামী দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী যোগসাজশে এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৬)-এর ৩৬(১) সারনির ১০(ক) ও ৪১ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। পাশাপাশি নিয়মিত মামলা রুজুর জন্য সংশ্লিষ্ট থানায় এজাহার দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

মন্তব্য করুন