নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুথান শুভ নববর্ষ ১৪৩৩ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়…

তাহমিনা মাহমুদ, গোপালগঞ্জ:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ পৌরপার্কে এ আয়োজন করে জেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান এবং এলজিআরডি’র প্রকৌশলী মোঃ এহসানুল হক। এছাড়া গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


সাংস্কৃতিক পর্বে অংশ নেয় জাসাস সাংস্কৃতিক দল, উদীচী শিল্পীগোষ্ঠী এবং জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়।
পয়লা বৈশাখ শুধু নতুন বছরের সূচনাই নয়, এটি বাঙালির জীবনে নতুন করে পথচলার প্রেরণা। পুরনো জীর্ণতা ঝেড়ে ফেলে নতুনের আহ্বান জানানোর দিন হিসেবে এ উৎসবের গুরুত্ব অপরিসীম। তাই প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় নববর্ষ উদযাপন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
এদিকে কাশিয়ানি উপজেলায়ও নববর্ষ উপলক্ষে বর্ণিল র‍্যালির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া এবং কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা কামাল মুরাদ, খালিদ হোসেন লেবু, সারাফাত হোসেন লাবলু, আরিফ আহমেদ ও জহিরুল ইসলাম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জজুড়ে বাংলা নববর্ষের এই আয়োজন বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐক্যের বার্তাই তুলে ধরে।

মন্তব্য করুন