১২ই মে, ২০২৬

প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে: চীফ হুইপ

মো:- আজিজুর রহমান টুটুল (নিজস্ব প্রতিবেদক)

সংবিধান নির্ধারিত সময়সীমার মধ্যে বিপুলসংখ্যক অধ্যাদেশ পাসের চাপ মোকাবিলায় জাতীয় সংসদে অতিরিক্ত অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন চীফ হুইপ মো. নূরুল ইসলাম। প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন চালানোর কথাও উল্লেখ করেন তিনি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে চীফ হুইপ বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী ৩০ দিনের মধ্যে মোট ১৩৩টি অধ্যাদেশ পাস করতে হবে। এর মধ্যে ইতোমধ্যে ৪৪টি পাস হয়েছে। দ্রুত অগ্রগতির জন্য একাধিক অধ্যাদেশ একীভূত করে বিল আকারে সংসদে উত্থাপন করা হচ্ছে।
সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট সম্ভাব্য ৩৬টি আসন পেতে পারে, যা জোটের শরিক দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। যোগ্যতা ও কার্যকর অংশগ্রহণের সক্ষমতার পাশাপাশি গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। চূড়ান্ত মনোনয়ন দলীয় প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে চীফ হুইপ বলেন, অদক্ষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, নির্ধারিত মানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যন্ত্রপাতি সরবরাহ এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তবে চলমান অধিবেশন ব্যাহত না করতে এ বিষয়ে ব্যবস্থা অধিবেশন শেষে নেওয়া হবে।
সন্ত্রাসবিরোধী আইন বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রতিশোধপরায়ণ রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আমরা ভালোবেসে মানুষের হৃদয় জয় করবো।” তিনি আরও বলেন, আইনের শাসনের ভিত্তিতে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে এবং অপরাধ প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কাউকে দলীয় বিবেচনায় হয়রানি করা হবে না।
চীফ হুইপ আরও বলেন, নতুন সংসদের অনেক সদস্য দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে এসেছেন। তাঁরা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন