
রিপোর্ট :- মোঃ- হাসিব
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, চলতি অর্থবছরের জন্য উপস্থাপিত জাতীয় বাজেট মানুষের মধ্যে স্বস্তি, আস্থা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করেছে। বাজেট নিয়ে বিরোধিতার খাতিরে যারা অপপ্রচার ও মিথ্যাচার করছে, তাদের জবাব তথ্য ও বাস্তবতার ভিত্তিতে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের পল্লবী ইস্টার্ন হাউজিংয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপস্থাপিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে জনকল্যাণমূলক পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করার দায়িত্ব নেতাকর্মীদের নিতে হবে। বাজেটের ইতিবাচক দিক, করনীতি ও জনবান্ধব সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারলে অপপ্রচার টিকবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা অপকর্মের সঙ্গে জড়িতদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত দল, তাই জনগণের কাছে দলের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দলের ভেতরে মতপার্থক্য বা ভুল–বোঝাবুঝি থাকলেও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই বিভেদ বা দ্বন্দ্বকে প্রশ্রয় দেওয়া যাবে না।
আমিনুল হক আরও বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে প্রশাসন বা সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা যাবে না। অনৈতিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি থেকে দলকে দূরে রাখতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই সব কার্যক্রম পরিচালনা করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত বা সাংগঠনিক কোনো ভুল পুরো এলাকার জন্য নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই সবাইকে সতর্ক থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।