মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

 

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে বসতবাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাঁদের রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ উঠেছে।

​আহতরা হলেন—বড়রিয়া গ্রামের মৃত আকুব্বর শেখের ছেলে ও পেশায় ড্রাইভার মো. রাসেল শেখ (৩৫) এবং তাঁর স্ত্রী মোছা. আলমতি বেগম (৩০)। আহত গৃহবধূ বর্তমানে নয় মাসের অন্তসত্ত্বা বলে জানা গেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে মো. রাসেল শেখের বসতবাড়ির ভেতর ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত মঈন সরদারের ছেলে মো. মারকিন সরদারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মারকিন সরদার ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে রাসেল শেখের মাথায় সজোরে কোপ মারেন। এতে তিনি মাথায় গুরুতর ও রক্তাক্ত জখম হন। এ সময় তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী আলমতি বেগম এগিয়ে এলে তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

​ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে স্ত্রীর শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন