Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

শরীয়তপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:
তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে শরীয়তপুরে উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) দুপুর ১২টায় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তরুণদের নতুন নতুন ধারণা বাস্তবায়নের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং সম্ভাবনাময় উদ্যোক্তা ধারণা উপস্থাপন করেন। শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকাণ্ড উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানের একপর্যায়ে বিচারকমণ্ডলীর সদস্যরা প্রদর্শিত প্রকল্পসমূহ পরিদর্শন করেন এবং সেগুলোর কার্যকারিতা, উপস্থাপনা, ব্যবহারিক প্রয়োগ ও উদ্ভাবনী দিক মূল্যায়ন করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করে গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতের দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। এ উদ্যোগ তরুণদের সৃজনশীলতা বিকাশ ও নতুন উদ্ভাবনী চিন্তার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন