ঢাকার মিরপুর-১১-এর আব্বাসউদ্দিন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম।
চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিজেদের বাসার ছাদ, বারান্দা ও আশপাশের খালি জায়গায় এসব চারা রোপণের প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে আব্বাসউদ্দিন স্কুলের অধ্যক্ষ ছাত্রদলের এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন।
পরে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আয়োজকেরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়ন সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তাঁরা।




