সকালে ঢাকা পৌঁছাবেন ভারতের পররাষ্ট্র সচিব

সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ‘ভালো হবে’ বলে আশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্র সচিব ৩টা বৈঠক করবেন। প্রথম বৈঠক হবে ১১টায় পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে যমুনায় তার বৈঠক হতে পারে।

রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে প্রেস সচিব বলেন, ভারত আমাদের প্রতিবেশী। তার সঙ্গে আমাদের ভাষাগত, ইতিহাস ও সংস্কৃতিগত যোগাযোগ রয়েছে। অভিন্ন অনেক নদী রয়েছে। ভারতের সঙ্গে আমাদের যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টতার বিষয় রয়েছে, সেই প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে। প্রত্যেকটা বিষয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা আশা করছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো হবে। তাদের সঙ্গে আমাদের বহুমুখী সম্পর্ক রয়েছে। তাই আমরা চাইবো ভারতের সঙ্গে সম্পর্কটা আরও ভালো জায়গায় যাক। যাতে দুই দেশের মানুষই এটার সুফল ভোগ করে। একই সঙ্গে চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে। সেটা আমাদের ফোকাস।

মন্তব্য করুন