মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, পাতার বিড়ি, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, মেশিনের পাটর্স এবং ঔষধ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা আইসিপি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, পাতার বিড়ি, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এবং মেশিনের পাটর্স জব্দ করে।
এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ২ লাখ ৮৮ হাজার ৫১৮ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।###


