সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে বড় ধরনের সংঘর্ষে নতুন করে ১ লক্ষ ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।
জাতিসংঘের সিরিয়া সঙ্কট বিষয়ক উপ আঞ্চলিক মানবাধিকার সমন্বয়কারী ডেভিড কার্ডেন বুধবার (৪ ডিসেম্বর) ইদলিব সফর শেষে এএফপি’কে এক বিবৃতিতে বলেছেন, ‘গত এক সপ্তাহ ধরে সিরিয়িার উত্তরাঞ্চলে তীব্র সংঘর্ষ চলছে। এর ফলে ইদলিব ও উত্তরাঞ্চলীয় আলেপ্পোতে নতুন করে ১ লক্ষ ১৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।
সিরিয়ায় যুদ্ধ যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে শঙ্কিত বোধ করছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে সব পক্ষকে অবশ্যই যথাসাধ্য করতে হবে। যার মধ্যে বেসামরিক নাগরিকদের প্রাণ বাঁচাতে নিরাপদে পালিয়ে যেতে দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, প্রায় ১৪ বছর ধরে সিরিয়ার মানুষ সংঘাত সহ্য করে যাচ্ছেন। আর রক্তপাত নয়, এখন এর একটি রাজনৈতিক সমাধান তাদের প্রাপ্য। যে সমাধান তাদের শান্তিপূর্ণ একটি ভবিষ্যৎ দিতে পারবে।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। মাঝে কয়েক বছর যুদ্ধ বন্ধ থাকলেও আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি হয়নি। বুধবার থেকে দেশটিতে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪৫৭ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহত ব্যক্তিদের বেশির ভাগই যোদ্ধা হলেও অন্তত ৭২ বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানা গেছে।