কর্মস্থলে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়া এবং শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, গত ৪ জুন চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মো. সিরাজুল ইসলাম কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণে রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সিরাজুল ইসলাম নিজের কর্মকাণ্ড সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘স্বেচ্ছায় দিলে ঘুষ নিই।’ এ বক্তব্য জনমনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এনবিআরের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মক্ষেত্রে নিজের দুর্নীতিসংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে প্রকাশ্যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তদন্ত ও বিভাগীয় কার্যক্রম চলাকালে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত রাখা হবে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই সরকারি কর্মকর্তার এমন মন্তব্যকে দায়িত্বশীল আচরণের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে মো. সিরাজুল ইসলামের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে এনবিআরের কর্মকর্তারা বলছেন, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সরকারি চাকরি বিধি অনুযায়ী পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
