আসাদের বাসভবনে ব্যাপক লুটপাট, দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার মুখে রোববার (৮ ডিসেম্বর) সকালে তিনি ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ত্যাগ করেন বলে খবর দিয়েছে বিবিসি।

আসাদের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দামেস্কের ম্যালকি এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন প্রায় খালি করে ফেলা হয়েছে। একসময় সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এই এলাকাটি এখন লুটপাটকারীদের দখলে।

রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, আসাদের আল-রাওদা প্রাসাদে শিশু এবং সশস্ত্র ব্যক্তিরা প্রবেশ করেছে। তাদেরকে আসবাবপত্র নিয়ে বেরিয়ে আসার দৃশ্য দেখা গেছে। এক ব্যক্তিকে বন্দুক হাতে প্রাসাদের ভেতরে দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত আরেক ভিডিওতে একটি আলোকোজ্জ্বল বাসভবনের করিডোরে পুরুষ ও নারীদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। এক ব্যক্তি বলেন, ‘এগুলো জনগণের সম্পদ।’ যদিও ভিডিওটির সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, লুটপাটকারীরা শহরতলী থেকে আসা সাধারণ লোক, বিদ্রোহী যোদ্ধারা নয়। তারা সংস্কৃতি মন্ত্রণালয়সহ বিভিন্ন ভবনে ঢুকে সম্পদ চুরি করেছে।

বিদ্রোহী যোদ্ধারা রাজধানীতে শৃঙ্খলা বজায় রাখতে রোববার বিকেল ৪টা থেকে ১৩ ঘণ্টার কারফিউ জারি করেছে। বিদ্রোহীদের সামরিক পরিচালনা কমান্ড জানিয়েছে, এই কারফিউ সোমবার ভোর ৫টা পর্যন্ত চলবে।

দামেস্কে শৃঙ্খলার অভাব এবং লুটপাটের ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এই বিশৃঙ্খলা চোর ও অপরাধীদের জন্য সুযোগ সৃষ্টি করবে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যালকির রাস্তায় স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকা সুরক্ষিত করার চেষ্টা করছেন। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, “লুটপাটের এই দৃশ্য খুবই দুঃখজনক। এটা সত্যিই খারাপ।”

সিরিয়ার রাজধানীতে বিদ্রোহীদের দ্রুত অগ্রগতি এবং আসাদের দেশত্যাগ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে আরও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

মন্তব্য করুন