এ বছর প্রায় ১ হাজার বোমা হামলার হুমকি পেয়েছে ভারতীয় এয়ারলাইনস

এ বছর ভারতের বিভিন্ন এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষ ৯৯৯টি বোমা হামলার হুমকি পেয়েছে। গত ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এসব হুমকি এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচলবিষয়ক উপমন্ত্রী মুরলিধর মহল এসব তথ্য জানান।

মুরলিধর মহল বলেন, ‘২০২৩ সালে এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষ যতগুলো বোমা হামলার হুমকি পেয়েছিল, তার তুলনায় চলতি বছরের হুমকির সংখ্যা ১০ গুণ বেশি। কেবল অক্টোবরের শেষ দুই সপ্তাহেই ৫০০- এর বেশি হুমকি এসেছে।’

তবে সাম্প্রতিক হুমকিগুলোর সবই ভুয়া প্রমাণ হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এসব হুমকির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ২৫৬টি অভিযোগ দায়ের করেছে।’

সাম্প্রতিক সময়ে ভুয়া হুমকির সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। ২০১৪ সাল ও ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিমানবন্দরগুলোতে মাত্র ১২০টি ভুয়া হুমকির তথ্য নথিভুক্ত করা হয়েছিল।

এ বছরের অক্টোবরে ভুয়া হুমকিকে কেন্দ্র করে কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। কোনো কোনো ফ্লাইটের রুট পরিবর্তন করতে হয়েছে। এমনকি হুমকির শিকার উড়োজাহাজগুলোর সুরক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলোরও সংশ্লিষ্টতার প্রয়োজন পড়ে।

সাধারণত কোনো স্থানে বোমা হামলার হুমকি পেলে বোমা নিষ্ক্রিয়করণ দল, স্নিফার ডগ, অ্যাম্বুলেন্স, পুলিশ ও চিকিৎসকদের জড়ো করা হয়ে থাকে। যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে উড়োজাহাজের ভেতর তল্লাশি চালানো হয়। যাত্রীদেরও তল্লাশি করা হয়। এসব করতে গিয়ে ফ্লাইট বিলম্বিত হয়। এতে এয়ারলাইনস ও নিরাপত্তা সংস্থাগুলো হাজার হাজার ডলার ক্ষতি হয়ে থাকে।

মন্তব্য করুন