প্রতিনিধি মোঃ একলাছ উদ্দীন
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাঁশঝাড়ের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঠালতলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের প্রদীপ দত্তের বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে এক নারী ছাগল চরাতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথা থেঁতলে দিয়েছে
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কটিয়াদী সার্কেলের এএসপি আসাদুজ্জামান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম, গচিহাটা ফাঁড়ির আইসি মেহেদী হাসান, পি বি আই সাব ইনস্পেক্টর রতন এবং সিআইডি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জেলা হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
মোঃ একলাছ উদ্দীন কিশোরগঞ্জ থেকে।





