নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিক ঐক্যের আহ্বান

 

মহিউদ্দিন আহমেদ:

গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত নিরাপদ ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম।

মঙ্গলবার (১০ নভেম্বর) জিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক আস্থা ও দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব। মাদক, সন্ত্রাস ও অপরাধীদের সঙ্গে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

সভায় সাংবাদিকরা মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধের বিষয় তুলে ধরেন। মাদকের উৎস, কারবারি ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কিশোর গ্যাং ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ঝুঁকিপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, শিল্পাঞ্চল ও নির্জন এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো, প্রয়োজনীয় স্থানে সিসিটিভি স্থাপন এবং রাতে শ্রমিক, নারী, শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। পরিবহন, ফুটপাত ও
ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধ এবং থানায় অভিযোগ, জিডি ও মামলা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও ওঠে। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ হলে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান সাংবাদিকরা।

সভায় পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কোনো ঘটনার পর গুজব ও বিভ্রান্তি ঠেকাতে জিএমপির পক্ষ থেকে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম গত ৮ নভেম্বর জিএমপির নবম কমিশনার হিসেবে দায়িত্ব নেন। ১৯৭৫ সালে মেহেরপুরে জন্ম নেওয়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। কর্মজীবনে পুলিশ সদর দপ্তর, ডিএমপি, ঢাকা রেঞ্জ এবং বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পূর্ব তিমুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পিপিএম পদকে ভূষিত হন।

 

 

 

মন্তব্য করুন