বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাকর কূটনৈতিক সম্পর্কের মধ্যে ভুয়া ভারতীয় পাসপোর্টসহ মাদারীপুর জেলার বিএনপি নেতা সেলিম মাতব্বর নামে এক ব্যক্তিকে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
গ্রেপ্তারকৃত সেলিম মাতব্বর বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা হলেও রবি শর্মা নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভারতীয় ভুয়া আঁধার কার্ড, ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার রাতে পার্কস্ট্রিটের ওই হোটেলে অভিযান চালায় কলকাতা পুলিশ। এরপরই জাল পাসপোর্ট ও অন্যান্য নথিসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ ব্যাংকসাল আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার বিএনপি নেতা, বছর দুয়েক আগে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। সেই সময় সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত থেকে প্রাণে বাঁচতে সে পশ্চিমবঙ্গে চলে আসেন।
তার কাছ থেকে বাজেয়াপ্ত করা পাসপোর্ট ও আধার কার্ডে তার নাম লেখা রয়েছে রবি শর্মা। জানা গেছে, দালাল মারফত অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে আশ্রয় নেন তিনি। তবে কোথায় তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন, ২ বছর ধরে কোথায় কোথায় থেকেছেন, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছেন পুলিশেল এসটিএফ এর তদন্তকারী কর্মকর্তারা।