চৌবাড়িয়া নিউ মিনি স্টেডিয়ামে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

 

মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরীর

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া নিউ মিনি স্টেডিয়াম মাঠে উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। যুবসমাজকে মাদক ও নেশার ভয়াবহ ছোবল থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যেই এ ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার সকল যুবক ভাইদের প্রতি আহ্বান জানাই, নেশা ছেড়ে খেলাধুলার সঙ্গে যুক্ত হন। সুস্থ সমাজ ও সুন্দর জীবন গড়ে তুলুন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মো. সাইফুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম এবং সার্বিক পরিচালনায় ছিলেন জিসান হাবীব।
আয়োজক কমিটির সভাপতি মো. সাইফুর রহমান বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং এলাকার সামাজিক উন্নয়নে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সেই চিন্তা থেকেই ১৬ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ ময়মুর আলী মৃধা বলেন, যুবসমাজকে মাদক ও নেশা থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় জীবন গড়তে খেলাধুলার বিকল্প নেই। এলাকার তরুণদের এমন ইতিবাচক উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
অনুষ্ঠানে মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল খেলোয়াড়দের উৎসাহিত করতে বিশেষ ঘোষণা দেন। তিনি উদ্বোধনী ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের জন্য পুরস্কার ঘোষণা করেন। পাশাপাশি টুর্নামেন্টের পরবর্তী প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কেও এক হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এম এম রইস উদ্দিন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, মো. ইউনুস আলী সরদার, মিজানুর রহমান কাবুল, নজরুল ইসলাম, আহসান হাবিব খান সোহেল, মহিদুল ইসলাম, শরিফুজ্জামান টুকু, তারুজ্জামান বিল্লা, আরিফুজ্জামান মিলটন, তারিকুল ইসলাম তারা, সোহেল রানা, বাকির বিশ্বাস, ফয়জুর রহমান, ইকরামুল হক ও সার্জন সাহা।
১৬ দলীয় এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট শুধু মাঠের প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকবে না; বরং খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন