ঢাকা মহানগর উত্তর যুবদলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান রাজ ও সদস্য সচিব শরিফুল ইসলাম মিলন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ (৮ নভেম্বর) নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত দুই নেতা সশরীরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে শফিকুল ইসলাম মিল্টন নবগঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান রাজ ও সদস্য সচিব শরিফুল ইসলাম মিলনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তাঁদের যোগ্য, দক্ষ ও গতিশীল নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে।
এ সময় ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
নবগঠিত কমিটির নেতাদের এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে।