দক্ষিণ মাগুরাকে আধুনিক জনপদ গড়তে উন্নয়ন সংলাপ ও মতবিনিময় সভায় সংস্কৃতি মন্ত্রী: জনগণের মতামতের ভিত্তিতেই হবে টেকসই উন্নয়ন

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।

দক্ষিণ মাগুরার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা দক্ষিণ মাগুরার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে এলাকার টেকসই উন্নয়নের জন্য কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, উন্নয়নই আমাদের অঙ্গীকার। জনগণের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে তা আরও ফলপ্রসূ ও জনবান্ধব হবে। দক্ষিণ মাগুরাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”
সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভাটি দক্ষিণ মাগুরার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।

মন্তব্য করুন