পুষ্টি ও ঔষধি গুণে সমৃদ্ধ: আমলকী চাষে নতুন সম্ভাবনার হাতছানি

 

মোঃ নাজিম উদ্দিন
গাজীপুর জেলা প্রতিনিধি
​
সবুজের আবরণে পুষ্টির অমৃতভান্ডার এবং ভেষজ গুণে ভরপুর দেশীয় ফল আমলকী। গাজীপুরের কালীগঞ্জে এবার আমলকীর বাম্পার ফলন হওয়ায় স্থানীয় কৃষকদের মুখে চওড়া হাসি ফুটেছে। ঔষধি ও পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল চাষের মাধ্যমে কালীগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাজারেও এর ব্যাপক চাহিদা লক্ষ করা যাচ্ছে। শীতের আগেই এ অঞ্চলের গ্রামীণ হাট-বাজারগুলোতে আমলকীর পসরা সেজে বসেছে। ভেষজ ও ঔষধি গুণের কারণে সাম্প্রতিক সময়ে ফলটির চাহিদা কয়েকগুণ বেড়েছে।
​উপজেলার স্থানীয় হাট-বাজারে বর্তমানে কাঁচা আমলকীর পাশাপাশি শুকনো আমলকী, আচার, মোরব্বা ও গুঁড়া বা পাউডার আকারেও বিক্রি হচ্ছে। বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা আমলকী ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে এবং শুকনো আমলকীর দাম আরও বেশি। বিভিন্ন ভেষজ ও ইউনানি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো পাইকারি হারে গ্রামাঞ্চল থেকে আমলকী সংগ্রহ করছে। বর্তমানে কেবল উপজেলার উত্তরাংশেই প্রায় ৩০ বিঘা জমিতে আমলকীর বাণিজ্যিক চাষ হচ্ছে।
​সরেজমিনে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের আমলকী বাগানমালিক সেবক পালের সাথে কথা বলে জানা যায়, তার প্রায় ৫ বিঘা জমিতে ছোট-বড় ২৫০টি আমলকী গাছ রয়েছে। এ বছর বাম্পার ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ায় ইতোমধ্যে প্রায় ১৫ লাখ টাকার আমলকী বিক্রি করেছেন তিনি। বাগানে থাকা অবশিষ্ট ফল আরও প্রায় ৫ লাখ টাকায় বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। তার মতে, সামান্য পরিচর্যা করলেই আমলকী থেকে চমৎকার ফলন পাওয়া সম্ভব। তবে সরকারিভাবে সংরক্ষণ ও বিপণনের সুব্যবস্থা করা হলে কৃষকরা আরও বেশি লাভবান হতেন।
​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, “এ অঞ্চলে বর্তমানে আমলকীর চাষ ক্রমান্বয়ে বাড়ছে। ফলটির উৎপাদন ও আবাদ বাড়াতে আমরা কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধ করছি। আমলকী গাছে রোগবালাইয়ের আক্রমণ সাধারণত কম হয় বিধায় বড় ধরনের কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না। সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে সঠিক সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নতি করা গেলে আমলকী জাতীয়ভাবে একটি রপ্তানিমুখী সম্ভাবনাময় কৃষিপণ্য হয়ে উঠতে পারে।”
​টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মোছা. আলেয়া খাতুন একান্ত সাক্ষাৎকারে জানান, আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, লৌহ ও খনিজ পদার্থ রয়েছে। এটি পরিপাকে বা হজমে অত্যন্ত সহায়ক, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় এবং ত্বক ও চুলের সুরক্ষায় দারুণ কার্যকরী।

মন্তব্য করুন