পেট্রোল পাম্পে অভিযান, বাইক ফেলেই পালালেন অনেকে

 

পেট্রোল পাম্পে অভিযান, বাইক ফেলেই পালালেন অনেকে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মোটরসাইকেল চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় মোটর সাইকেল ফেলে অনেককে পালিয়ে যেতে দেখা গেছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বুধহাটা বাজারের রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্যামানন্দ কুন্ডু। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, বুধহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেকেন্দার আলীসহ পুলিশের একটি টিম।

জানা যায়, সকাল থেকে পাম্পে জ্বালানী তেল (পেট্রোল) দেওয়া হচ্ছিল। এসময় প্রচন্ড ভিড়ে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে তেল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে গিয়ে মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট আছে কিনা তা দেখতে চান।

এরপর মুহুর্তের মধ্যে পাম্পে দাড়িয়ে থাকা অনেক চালক তাদের মোটরসাইকেল ফেলে আবার অনেকেই মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। মাইকিং করেও অনেকে আর ফিরে আসেননি।

মন্তব্য করুন