ঢাকার উত্তরা এলাকায় একজন ইসকন সদস্যের ওপর হামলা হয়েছে বলে দাবি করে বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি ভারতীয় মিডিয়া আউটলেট দাবি করেছে, ঢাকার উত্তরায় একজন ইসকন সদস্যের ওপর হামলা হয়েছে।
সিএ’র প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ১০ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকায় ইসকনের একজন সদস্যের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছে এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিনসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ঢাকার উত্তরা এলাকার শ্রী শ্রী রাধারমন মন্দিরের (ইসকন উত্তরা) পুরোহিত কৃষ্ণ প্রিয় নিতাই দাস জানিয়েছেন উত্তরা এলাকায় কোন ইসকন ভক্ত বা সদস্যের ওপর হামলার কোন ঘটনা তাঁর জানা নেই। ঢাকার পুলিশও জানিয়েছেন, এই ধরনের কোন ঘটনার খবর তাঁরা পাননি।
প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতীয় মিডিয়া ‘ভুক্তভোগীর’ কোনো বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ পুলিশ অথবা কোনো ইসকন নেতারও বক্তব্য নেই এসব প্রতিবেদনে। যা সার্বিক বিবেচনায় খবরগুলোকে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাংবাদিকতার নীতি বহির্ভুত হিসেবে চিহ্নিত করে।
প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় নেতা হৃষিকেশ গৌরাঙ্গ দাস বলেছেন, উত্তরায় সাম্প্রতিক একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, পারিবারিক ঘটনায় সম্পৃক্ত যুবক ইসকন সদস্য নয়।