মাগুরায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, আটক ১

শিউলি আফরোজ সাথী,
মাগুরা :- যৌতুকের দাবিতে মাগুরায় স্বামীর নির্যাতনে স্ত্রী মিম খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ, আটক এক।

নিহত মিমের ভাই রিজু শেখ বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা রুজু করেছেন। ঘটনার পর থেকেই স্বামী শামীম শেখ পলাতক রয়েছেন।
নিহত মিমের ভাই জানান, প্রায় ৫ বছর আগে শামীম শেখের সঙ্গে মিমের বিয়ে হয়। শামীম পেশায় একজন অটোচালক। বিয়ের পর থেকেই তিনি বিভিন্ন সময়ে যৌতুকের জন্য মিমকে চাপ দিতেন এবং মারধর করতেন। এ কারণে শামীম দফায় দফায় ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত যৌতুক নিয়েছেন। সর্বশেষ তিনি আরও এক লাখ টাকা দাবি করেন, যা দিতে না পারায় মিমকে বুধবার দুপুরে নির্মমভাবে নির্যাতন করে গুরুতর আহত করে। গতকাল মিমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রেখে শামীম পালিয়ে যান। কিন্তু পরে তারা জানতে পারে সে মারা গেছে। বর্তমানে মিমের ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এ ঘটনায় নিহত মিম খাতুনের বড় ভাই রিজু শেখ বাদী হয়ে মাগুরা সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে। এই ঘটনায একজন গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আইয়ুব আলী বলেন, গৃহবধূ নির্যাতনের মৃত্যুর ঘটনায় বড় ভাই দায়ের করা মামলায় ফুফাতো শ্বশুরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন