মাগুরা প্রতিনিধি:
মাগুরায় শিশুশ্রম প্রতিরোধ ও নিরসনের পাশাপাশি শিশু ও চক্ষু চিকিৎসাসেবার মানোন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা এবং মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভা দুটিতে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোতাকাব্বীর আহমেদ।
জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভায় জেলার বিভিন্ন স্থানে শিশুশ্রম প্রতিরোধ ও নিরসনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে মুক্ত রাখা, তাদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সদস্যরা।
অন্যদিকে, মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান উন্নয়ন, সেবার পরিধি সম্প্রসারণ এবং বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিশু ও চক্ষু চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য, উন্নত ও মানসম্মত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভা দুটিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিশুদের অধিকার সুরক্ষা, শিশুশ্রমমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।




