যৌতুক ও মাদকের টাকার দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক নির্যাতনের অভিযোগ, বিষ প্রয়োগে দুই কিডনি বিকল!

 

রেজাউল করিম শেখ :

ফরিদপুরের সালথায় স্বামী-শ্বশুরের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন দুই সন্তানের জননী নিলুফা আক্তার,
ফরিদপুরের সালথা উপজেলার ফুক্রিয়া গ্রামে যৌতুক ও মাদকের টাকার দাবিতে এক গৃহবধূকে আটকে রেখে অমানুষিক নির্যাতন এবং বিষ প্রয়োগ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, টানা দুই দিন ঘরে আটকে রেখে ওই গৃহবধূর মুখ, শরীর ও গোপনাঙ্গে জোরপূর্বক বিষ প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানিয়েছে, তাঁর দুটি কিডনিই বিকল হয়ে গেছে।
অভিযুক্ত স্বামীর নাম মামুন ফকির এবং শ্বশুরের নাম ইসমাইল ফকির। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মামুন ফকিরের সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। তাঁদের সংসারে সাত বছর বয়সী একটি ছেলে ও দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই ইয়াবা ও গাঁজায় আসক্ত মামুন যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। এমনকি মাদকের টাকা জোগাড় করতে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও বিক্রি করে দিতেন বলে অভিযোগ পরিবারের।
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে ওই গৃহবধূ দুই মাস বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশের মাধ্যমে প্রায় চার মাস আগে তাঁকে আবারও স্বামীর বাড়িতে পাঠানো হয়। কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগ। এমনকি প্রবাসে থাকা গৃহবধূর ভাইদের কাছ থেকেও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন টাকা দাবি করে আসছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত দুই দিন ধরে তাঁকে ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতন চালান স্বামী মামুন ফকির, শ্বশুর ইসমাইল ফকির ও ননদ। একপর্যায়ে কয়েকজন মিলে তাঁর হাত-পা চেপে ধরে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দেন। পাশাপাশি শরীর ও গোপনাঙ্গেও বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর মামা। প্রতিবেশীরাও জানিয়েছেন, নির্যাতনের ওই সময়ে তাঁকে ঘরের বাইরে বের হতে দেওয়া হয়নি।
এ ঘটনায় ভুক্তভোগীর মামা আবেগাপ্লুত হয়ে জানান, মাত্র তিন মাস বয়সে ওই গৃহবধূ তাঁর বাবাকে হারান। এরপর বিধবা মা চরম কষ্টের মধ্য দিয়ে আট সন্তানকে বড় করেছেন। পিতৃহীন এমন অসহায় নারীর ওপর এ ধরনের নির্যাতনের ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পরিবারের দাবি, বর্তমানে ওই গৃহবধূর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনেরা জানিয়েছেন, তাঁর পালস পাওয়া যাচ্ছে না এবং দুটি কিডনিই বিকল হয়ে গেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে সালথা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তাঁর মামা।

মন্তব্য করুন