যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে গাড়ি ধাক্কা দেওয়া ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলাকে ঘৃণ্য বলে উল্লেখ করেছেন।
বাইডেন বলেন, যারা নিহত হয়েছেন তাদের সকল পরিবারের প্রতি, আহত সকলের প্রতি, নিউ অরলিন্সের সকল মানুষ যারা শোকাহত তাদের প্রতি সমবেদনা জানাই। এই ঘটনায় আমি হতাহতদের প্রতি শোক প্রকাশ করছি।
বিবিসির খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় রাত ৩টার পর নিউঅরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে এক ব্যক্তি ভিড়ের মধ্যে পিকআপ ট্রাক চালিয়ে দেয়। এ সময় তাদের ওপর বিন্দুক হামলাও চালানো হয়। এতে বেশ কয়েকজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, গাড়ির চালকও নিহত হয়েছেন, তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এই সহিংস ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনাটি সম্পর্কে নিউ অরলিন্সের মেয়রের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।