যোগব্যায়াম করতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গেলেন রাশিয়ান অভিনেত্রী

সমুদ্রপাড়ে যোগব্যায়ামের অনুশীলন করতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গেলেন রাশিয়ান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া। গত ২৯ নভেম্বর থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর স্বীকার হয়েছেন এই অভিনেত্রী। মৃত্যুকালে কামিলার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কো সামুই এলাকায় একটি ভিউপয়েন্টের নিচে পাথুরে এলাকায় গিয়েছিলেন কামিলা। পরে একটি শক্তিশালী ঢেউ সেখান থেকে তাকে ভাসিয়ে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনেত্রীর মর্মান্তিক দুর্ঘটনার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, ঢেউ আছড়ে পড়ার পর অভিনেত্রীকে একজন পথচারী বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি। কামিলাকে আর জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার ১৫ মিনিট পর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায়। কিন্তু ৯ ফুটের দীর্ঘ ঢেউয়ের কারণে অভিনেত্রীর কাছে যেতে ব্যর্থ হয় উদ্ধারকারী দলের সদস্যরা।

পরে ঢেউয়ে ভেসে যাওয়া জায়গা থেকে দূরবর্তী এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়। সামুই রেসকিউ সেন্টারের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রেসাদ জানিয়েছেন, দ্বীপের সমুদ্র সৈকত এলাকায় সতর্কতা জারি রয়েছে।

মন্তব্য করুন