শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, অভিযুক্তের বাড়িতে আগুন।

​আবু বকর সিদ্দিক,
স্টাফ রিপোর্টার :

শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আনোয়ার ভূঁইয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লিটন নামের আরও একজন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামে রহিম ঢালীর বাড়ির সামনে এ সহিংসতার ঘটনা ঘটে।
​নিহত আনোয়ার ভূঁইয়া ভুমখাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্দার ভূঁইয়ার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানাখান জামে মসজিদের কবরস্থানের জমি নিয়ে ইতালি প্রবাসী জাহিদুল ঢালীর সঙ্গে আনোয়ার ভূঁইয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন। বুধবার বিকেলে একই বিষয় নিয়ে জাহিদুল ঢালী ও আনোয়ার ভূঁইয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদুল ঢালী লাঠি দিয়ে আনোয়ার ভূঁইয়া ও লিটনের মাথায় আঘাত করেন।

​স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ার ভূঁইয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। আহত লিটন বর্তমানে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

​এদিকে আনোয়ার ভূঁইয়ার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জাহিদুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ভুমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় একটি বিরোধকে কেন্দ্র করে লোহার রড ও কাঠ দিয়ে দুইজনকে মারাত্মক আহত করা হয়। ঢাকা নেওয়ার পথে একজন মারা গেছেন। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পাঁচটি বাড়িতে আগুন দিয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন