বেনাপোল প্রতিনিধি: জিয়াউর রহমান তারিখ: ১২ নভেম্বর ২০২৬
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে শুল্ককর ফাঁকি দিয়ে আনা প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের বিশাল চালান জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৪টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১০-এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মা সেতু পার হয়ে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল উদ্ধার করে।
এসআরবি সূত্রে জানা যায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল। সব মিলিয়ে উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩২)।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছিল।
এসআরবির সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পৃথক অভিযানে মিথ্যা ঘোষণার কেমিক্যাল চালান আটক
এদিকে, বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর শেডে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা একটি পণ্য চালান আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর-ট-১১-৬৩৯৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে লোড করা ওই চালানটি আটক করা হয়।
কাস্টমস হাউস সূত্রে জানা যায়, ভারত থেকে আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল ১০০ প্যাকেট ট্যালকম পাউডার ঘোষণায় একটি পণ্য চালান বেনাপোল বন্দরে প্রবেশ করায়। চালানটির খালাসের দায়িত্বে ছিল ব্রাইড ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। তবে প্রাথমিকভাবে চালানটিতে ঘোষণার বাইরের এবং আমদানি নিষিদ্ধ কেমিক্যাল থাকার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইড ইন্টারন্যাশনালের মালিক শহিদুল ইসলাম জানান, তিনি নারায়ণগঞ্জে থাকেন। বেনাপোল বন্দরে সেলিম ও রিকন নামে দুজন কাজ করেন। চালান আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনিও বিষয়টি শুনেছেন।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, আটক চালানটির পণ্য গণনা ও তালিকা প্রস্তুতের (ইনভেন্টরি) কাজ চলছে। পাশাপাশি আমদানি করা কেমিক্যালের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর চালানটিতে কী ধরনের পণ্য রয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।
বন্দরের নিরাপত্তা ও শুল্ক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
পরপর দুটি ঘটনায় বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি, শুল্কায়ন ও খালাস প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে মিথ্যা ঘোষণা, শুল্ক ফাঁকি ও নিষিদ্ধ পণ্য আমদানির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
তবে আটক চালানের প্রকৃত পণ্যের ধরন ও সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব তদন্ত এবং পরীক্ষার ফলাফলের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।





