শুরু হয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফি। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংস অবশ্য ভুলেই যেতে চাইবে ভারত। পার্থে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ান পেসারদের তোপের মুখে পড়ে মাত্র ১৫০ রানেই গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস। সবকটি উইকেটই নিয়েছেন স্বাগতিক পেসাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, চা বিরতির পর নিজেদের প্রথম ব্যাটিং ইনিংস শুরু করেছে প্যাট কামিন্সের দল।
আজ শুক্রবার (২২ নভেম্বর) নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই পার্থ টেস্টে নামে ভারত। যশস্বী জয়সোয়ালের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন কেএল রাহুল। তবে এই জুটি টেকে মাত্র ২ ওভার। তৃতীয় ওভারের প্রথম বলে আঘাত হানেন মিচেল স্টার্ক, জয়সোয়ালকে ফিরিয়ে দেন খালি হাতে।
ভারতের দ্বিতীয় উইকেটের পতন ঘটে দেবদূত পাড়িক্কাল ফিরলে। ২৩ বলে খেলে তিনিও বিদায় নেন কোনো রান না করেই জস হ্যাজেলউডের প্রথম শিকার হয়ে। রান খরায় ভোগা বিরাট কোহলির সামনে এসেছিল দলকে টেনে তোলার সুযোগ। উল্টো বাজে শট খেলে ৫ রানেই থামেন তিনি।
ইনিংস উদ্বোধন করতে নামা রাহুল উইকেটে সেট হলেও ২৬ রানে বিদায় নেন বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে। পরে রিশাভ পন্থ আর অভিষিক্ত নিতিশ রানা যা একটু লড়েছেন, তাতে ভদ্রস্থ একটা স্কোর পায় ভারত। নয়তো ১০০ রানের আগেই ভারত হতো অলআউট।
প্যাট কামিন্সের প্রথম শিকার হওয়ার আগে পন্তের ব্যাট থেকে আসে ৩৭ রান। নিতিশকেও ফেরান অস্ট্রেলিয়ান অধিনায়ক। ৪১ রান আসে তার ব্যাট থেকে। সবশেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তিনি। এর আগে, ধ্রুব জুরেল (১১), ওয়াশিংটন সুন্দর (৪), হর্ষিত রানা (৭), জসপ্রীত বুমরাহরা (৮) শুধু আক্ষেপ বাড়ান ভারতের।
ইনিংসে ২৯ রানে ৫ মেইডেনে ৪ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং মিচেল মার্শ পকেটে পুরেছেন দুটি করে উইকেট।


