ইন্দোনেশিয়ায় নতুন কেউ আইফোন ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে দেশটির শিল্প মন্ত্রণালয়। কারো হাতে আইফোন ১৬ দেখা গেলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। মূলত অ্যাপেলের যেকোনো পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
সোমবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার আইনে যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট ক্রয় বাজেটের ৪০ শতাংশ স্থানীয় পণ্য বা সেবায় ব্যয় করতে হবে।
অ্যাপল সেই হিসাব অনুযায়ী ১০৯ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেও মাত্র ৯৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
এর পাশাপাশি বহুজাতিক এই কোম্পানিটি অ্যাপল একাডেমি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান করারও প্রতিশ্রুতি দিয়েছিলো। যদিও তারা এসব শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির সকল পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
সেই অনুযায়ী আইফোন ১৬ কিংবা অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর মতো অ্যাপেলের পণ্যগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।





