ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে নিজ নিজ খেলায় জয় পেয়েছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। রোববার (১ ডিসেম্বর) চেলসি-ইউনাইটেড স্বাগতিক হিসেবে নামলেও প্রতিপক্ষের মাঠে আতিথ্য নেয় রিয়াল। তবে জয় পায়নি ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস।
প্রিমিয়ার লিগের ১৩ তম ম্যাচ ডে তে ঘরের মাঠে এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেন জশুয়া জিরকি ও মার্কাস রাশফোর্ড। জোড়া অ্যাসিস্ট করেন ব্রুনো ফের্নান্দেস ও আমাদ দিয়ালো।
ম্যাচের ৩৪ তম মিনিটে ব্রুনোর কর্নার থেকে রেড ডেভিলদের এগিয়ে দেন রাশফোর্ড। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়ালো। এবারও জোগানদাতা ব্রুনো। দ্বিতীয়ার্ধে কিছু বুঝে ওঠার আগেই ৪৬ মিনিটে জাল কাঁপান রাশফোর্ড। ৬৪ মিনিটে জিরকিকে গোল বানিয়ে দেন দিয়ালো।
অন্যদিকে, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি এগিয়ে যায় ম্যাচের ৭ম মিনিটেই। মার্ক কুকুরেয়ার ক্রস থেকে জাল খুঁজে নেন নিকোলাস জ্যাকসন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় এনসো ফার্নান্দেসের কল্যাণে। ২-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় চেলসি।
বিরতির পর ৮৩ মিনিটে তৃতীয় গোলটি করেন কোল পালমার। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নীল শিবির।
এই জয়ে প্রিমিয়ার লিগে যৌথভাবে আর্সেনালের সঙ্গে দুইয়ে আছে চেলসি। ১৩ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ২৫। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে ইউনাইটেড।


